কিশোরীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী আটক
জামালপুর পৌর শহরে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে পৌর শহরের কাজির আখ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. খায়রুল (৪৮) নামের এক তরকারি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক খায়রুল একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তরকারি ব্যবসায়ী খায়রুল তার প্রতিবেশী ওই প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির গোসলখানায় নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে খায়রুলকে হাতেনাতে আটক করে এবং কিশোরীকে উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ কল করে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত খায়রুলকে আটক করে থানায় নিয়ে আসে। অন্যদিকে নির্যাতনের শিকার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর