হিলি সীমান্তে বসল সিসি ক্যামেরা, ফ্ল্যাড লাইট
দিনাজপুরের হিলি স্থলবন্দর ও রেলস্টেশনসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে ১৮টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও ১০টি ফ্লাড লাইট স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই কার্যক্রমের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ চৌধুরী। একই সময় তিনি হিলি চেকপোস্ট গেটে বঙ্গবন্ধুর ছবি সংবলিত অভ্যর্থনা ফলক উন্মোচন করেন।
উদ্বোধনের পর শাহরিয়ার আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, হিলি স্থলবন্দর ও হিলি সীমান্ত খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এই বন্দরের মাধ্যমে মালামাল আমদানি-রপ্তানিসহ দুই দেশের মানুষ বৈধভাবে পারাপার হন। সীমান্তে বিজিবির ওপর যেসব দায়িত্ব আছে এই সিসি ক্যামেরা ও ফ্ল্যাড লাইট স্থাপনের মাধ্যমে তা আরো সহজ হবে। এখন থেকে হিলি সীমান্তে কেউ অপরাধ করে পালিয়ে গেলেও সিসি ক্যামেরার ছবি দেখে তাঁকে শনাক্ত করা হবে। এরপর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তের চোরাচালানিরা খুবই সক্রিয় উল্লেখ করে এই বিজিবি কর্মকর্তা বলেন, চোরাচালান বন্ধ করা গেলে সরকারের রাজস্ব আয় বাড়বে। সেজন্য বিজিবি রাত-দিন কাজ করে যাচ্ছে। সীমান্তে কী হচ্ছে- তা এই সিসিটিভি ও ফ্লাড লাইটের মাধ্যমে দেখা যাবে এবং ধারণ করা থাকবে। কেউ যদি অপরাধ করে পালিয়েও যায়, তার ছবি সংরক্ষিত থাকবে। পরে ছবি দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন, জয়পুরহাটে অবস্থিত ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।
মোস্তাফিজুর রহমান জানান, হিলি সীমান্তের বিভিন্ন পয়েন্টে ১৮টি সিসিটিভি এবং ১০টি ফ্লাড লাইট স্থাপন করা হয়েছে। এসবের মাধ্যমে হিলি সীমান্তে চোরাচালান, অনুপ্রবেশ ও অপরাধ প্রবণতা শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে এবং এর ফলে আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা গড়ে উঠবে বলেও উল্লেখ করেন তিনি।

জাহিদুল ইসলাম, হিলি