বেনাপোলে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার
যশোরের বেনাপোল উপজেলার পুটখালির বারপোতা সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ শাহীন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, নাশকতামূলক কাজের উদ্দেশ্যে কয়েক যুবক বারপোতা সীমান্তে জড়ো হয়েছে। পরে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে বারপোতা গ্রামের জিবলীতলা এলাকা থেকে শাহীনকে একটি ওয়ান শুটারগান ও একটি গুলিসহ আটক করে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, আটক শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ সোমবার থানা থেকে তাঁকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

মহসিন মিলন, বেনাপোল