ফরিদপুরে চার ভুয়া গোয়েন্দা আটক
ফরিদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে প্রতারণা করার সময় চার ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাতে মধুখালী উপজেলার কামারখালীতে এই চারজনকে আটক করে পুলিশে দেয় কামারখালী ব্রিজের টোলপ্লাজায় কর্মরত শ্রমিকসহ স্থানীয়রা। এ সময় তাঁদের ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২০-২১০৯) এবং সঙ্গে থাকা পুলিশের বেল্ট ও হাতকড়াও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মাসুদ রানা (৩৫), রহিম ব্যাপারী (৩০), খোরশেদ আলম (৩০) এবং আলফাডাঙ্গার মো. সম্রাট (৩২)।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, গতকাল রোববার রাতে প্রাইভেটকারে চেপে পাঁচ ব্যক্তি কামারখালী ব্রিজ পার হচ্ছিলেন। টোল প্লাজা পার হওয়ার সময় নিজেদের ডিবি পুলিশের সদস্য দাবি করে টোল না দিয়ে উল্টো কর্মরতদের গালাগাল করেন। এ সময় টোলপ্লাজায় কর্মরতরা তাঁদের পরিচয়পত্র দেখতে চাইলে একপর্যায়ে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টোলপ্লাজায় কর্মরতরা স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে চারজনকে ধরে পুলিশে খবর দেয়।

সঞ্জিব দাস, ফরিদপুর