জেএমবি নেতা মাহাতাব খামারু রিমান্ডে
রাজশাহীর জেএমবি নেতা মাহাতাব খামারুকে জিজ্ঞাসাবাদের জন্য আজ বুধবার চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। ছবি : এনটিভি
রাজশাহীর বাগমারা থানায় বিস্ফোরক মামলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা মাহাতাব খামারুকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
আজ বুধবার দুপুরে রাজশাহীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ৩-এর বিচারক মো. সাইফুল ইসলাম শুনানি শেষে খামারুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আসামির উপস্থিতিতে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, গত ১৩ জুন সন্ধ্যায় বাগমারার উপজেলার শিকদারি বাজারে চারটি বোমার বিস্ফোরণ ঘটে। এ মামলায় জেএমবি নেতা মাহাতাব খামারুকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর বাগমারার তালঘরিয়া এলাকা থেকে পুলিশ মাহাতাব খামারুকে গ্রেপ্তার করেছে।

শ. ম সাজু, রাজশাহী