হাসপাতালে চাঁদাবাজি : প্রধান আসামি মঈনকে রিমান্ডে নিতে আবেদন
রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রধান আসামি মো. মঈন উদ্দিনসহ তিনজনের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন চেয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, রিমান্ড চাওয়া অন্য দুই আসামি হলেন এমবি স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৩)।
এজাহার থেকে জানা গেছে, গত ১০ এপ্রিল সকালে আসামিরা বাদী মো. আবু হানিফের শ্যামলীর বাসায় গিয়ে দরজা খুলতে বাধ্য করেন এবং চাঁদা না দিলে তাকে ও তার স্ত্রীকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। পরে তারা হাসপাতালের সামনে গিয়ে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং হাসপাতালের মালিক ডা. কামরুল ইসলামকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ স্লোগান ও প্রাণনাশের হুমকি দেন। পরে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের গ্রেপ্তার করে।
গত শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় দিকে যুবদলনেতা মঈন উদ্দিনের নেতৃত্বে দেশজুড়ে সমাদৃত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টি ঘটনা ঘটে।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঈন উদ্দিন দলবল নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে কর্মী ও কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। এমনকি তিনি নিয়ম ভেঙে জোরপূর্বক অপারেশন থিয়েটারেও (ওটি) প্রবেশ করেন। ফুটেজে সিকেডির কর্মী হানিফকে শারীরিকভাবে হেনস্তা করতেও দেখা যায় তাকে। এরপরে গতকাল সোমবার প্রধান আসামি মঈনের চার সহযোগীকে চারদিনের রিমান্ডে পাঠায় আদালত। আসামিরা হলেন—ফারুক হোসেন সুমন (৪২), লিটন মিয়া (৩৮), ফালান মিয়া (৪২) ও মো. রুবেল (৪২)।

আদালত প্রতিবেদক