আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে ভারত
বিদ্যুৎ খাতে সহযোগিতা-সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটি আশা করছে, আগামী ডিসেম্বরের মধ্যে পালাটানা থেকে ১০০ মেগাওয়াট এবং ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে বাংলাদেশে আসবে।
আজ ঢাকায় স্টিয়ারিং কমিটির নবম সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশের বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতের বিদ্যুৎসচিব পি কে সিনহা।
সভায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ খাত-সংক্রান্ত বিরাজমান বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় বহরমপুর (ভারত)-ভেড়ামারা (বাংলাদেশ) গ্রিড ইন্টার-কানেকশনের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভারত থেকে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, বহরমপুর-ভেড়ামারা বিদ্যমান লাইনের মাধ্যমে ভারতের পাওয়ার মার্কেট থেকে আরো ৩০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে আন্তসংযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন মাল্টি-টার্মিনাল এইচভিডিসি বাই-পোল সঞ্চালন লাইন নির্মাণ-সংক্রান্ত প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় রামপালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি কর্তৃক বাস্তবায়নাধীন এক হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থারমাল প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া সভায় নেপাল ও ভুটান থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি ও ভারতের বিভিন্ন কোম্পানি কর্তৃক বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগের আগ্রহের বিষয়ে আলোচনা করা হয়। এর আগে আজ সকালে বিদ্যুৎ খাতে সহযোগিতা-সংক্রান্ত বাংলাদেশ-ভারত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের নবম সভা অনুষ্ঠিত হয়।
গত বছরের অক্টোবরে দিল্লিতে বিদ্যুৎ খাত-সংক্রান্ত বাংলাদেশ-ভারত জয়েন্ট স্টিয়ারিং কমিটি ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের অষ্টম বৈঠক অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক