জামিন পেলেন না ডেসটিনির চেয়ারম্যান
ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবং ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে মোহাম্মদ রফিকুল আমীনকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এ-সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।
আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান এনটিভি অনলাইনকে বলেন, ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবং ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের জামিন আবেদন খারিজ করেছেন। তাঁরা উভয়ে নিম্ন আদালতে তাঁদের দোষ স্বীকার করেছেন। হাইকোর্ট রুলের শুনানিতে তাঁদের অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়ে তাঁদের জামিন দেননি। তবে রফিকুল আমীনের চিকিৎসার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন।
দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই অর্থপাচার ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে দুটি মামলা করেন।
এ দুই মামলায় মোহাম্মদ রফিকুল আমীন ও মোহাম্মদ হোসাইন ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে তাঁরা হাইকোর্টে জামিন আবেদন করলে ২০১৪ সালের আগস্টে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁদের কেন জামিন দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে রুল জারি করেন। আজ বুধবার এ রুলের ওপর রায় ঘোষণা করা হয়।

মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)