ফরিদপুরে আগুনে পুড়ল অর্ধশত দোকান
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় রাস্তার পাশের একটি মোটর যন্ত্রাংশের মার্কেটে অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান পুড়ে গেছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙ্গা, ফরিদপুর ও মোকসেদপুর ফায়ার ব্রিগেডের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত কয়েকজন দোকানমালিক জানান, শুক্রবার দিবাগত রাতে ‘জাকারিয়া অটো পার্টস’ নামের এক দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের ছড়িয়ে পড়ে মার্কেটের অর্ধশত দোকান পুড়ে যায়।
কিছু ব্যবসায়ীর অভিযোগ, জাকারিয়া অটো পার্টসের মালিক জাকারিয়া ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে টাকা পেতে দোকানে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এর আগেও তিনি দোকানে আগুন ধরিয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান হাবীব বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। জনৈক জাকারিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো বলা যাচ্ছে না।’

সঞ্জিব দাস, ফরিদপুর