রাজশাহীতে মাদক ব্যবসার দায়ে একজনের যাবজ্জীবন
রাজশাহীতে মাদক ব্যবসার দায়ে মিঠুন আলী (২২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বেগম জাকিয়া পারভীন তাঁকে এ দণ্ডাদেশ দেন। মিঠুনের বাড়ি জেলার পুঠিয়া উপজেলা সদরে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ নভেম্বর ৭০ গ্রাম হেরোইনসহ মিঠুন আলীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় মামলা করা হয়। পরে আদালতে এ মামলার বিচারকাজ শুরু হয়।
উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি মিঠুন আলী আদালতের কাঁঠগড়ায় হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

শ. ম সাজু, রাজশাহী