রাজশাহীতে বিশেষ অভিযানে আটক ৪৭
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৪৭ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ২১ জন, রাজপাড়া থানা নয়জন, মতিহার থানা ১০ জন, শাহ মখদুম থানা ছয়জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ একজনকে আটক করে। যার মধ্যে ২১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, সাতজন মাদক ব্যবসায়ী এবং ১৯ জন মাদকসেবী ও অন্যান্য শ্রেণির অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর বাইরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ নগরীর মহিষভিলার সামনে থেকে নয়নকে (২৬) ২৫টি ইয়াবা, রাজপাড়া থানা পুলিশ গুড়িপাড়া এলাকা থেকে ফিরোজ হোসেনকে (২৬) ২৮ পুরিয়া গাঁজা, গুড়িপাড়া রাজা মিয়ার বাড়ির সামনে থেকে উজ্জ্বলকে (৩৬) পাঁচটি ইয়াবা ও দুই পুরিয়া হেরোইন, মতিহার থানা পুলিশ দাশমারী এলাকা থেকে মন্টুকে (২৭) পাঁচ বোতল ফেনসিডিল, টাংগন মধ্যপাড়া হতে রিপন ইসলামকে (৩৬) ছয় বোতল ফেনসিডিল, শাহ মখদুম থানা পুলিশ পাকুড়িয়া উত্তরপাড়া হতে বাবর আলীকে (৩০) ২০ লিটার চোলাই মদ এবং ডিবি পুলিশ দাশমারী মধ্যপাড়া হতে শামিম হোসেন ওরফে কাবিলকে (২৫) পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করেছে।

শ. ম সাজু, রাজশাহী