নিখোঁজের দুইদিন পর নালা থেকে কৃষকের লাশ উদ্ধার
জয়পুরহাট শহরের একটি নালায় কৃষক বুলু মিয়ার পড়ে থাকা লাশ ঘিরে উৎসুক মানুষের ভিড়। ছবি : এনটিভি
জয়পুরহাটে বাড়ি থেকে নিখোঁজের দুইদিন পর শহরের একটি নালা থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের জানিয়ার বাগান এলাকার নালা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত বুলু মিয়া (৩৩) জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা দক্ষিণপাড়ার তমিজ উদ্দীনের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বুলু মিয়া গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ নানা জায়গায় তাঁকে খুঁজছিলেন। কিন্তু তাঁকে কোথাও খুঁজে পাননি। দুইদিন পর আজ সকালে শহরের ওই নালায় তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট