আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করব না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে সরকার এমন কোনো অপরাধ করেনি যে আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবে। একই সাথে তিনি বলেন, আন্দোলনের গ্লানি ও পরাজয় ঢাকতেই খালেদা জিয়া সিটি নির্বাচনের নাটক করেছেন। আজ রোববার রাতে গণভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শুভেচ্ছা বিনিময় করতে গেলে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। এ সময় সরকারপ্রধান আরো বলেন, হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়ার শাস্তি পেতেই হবে।
urgentPhoto
গত ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হন মেয়র আ জ ম নাছিরসহ কাউন্সিলরা। এর আগে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বিএনপি পরিকল্পনা করেই সবকিছু করেছে, তাদের উদ্দেশ্য ছিল এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি জানি না বিএনপির নেত্রী খালেদা জিয়া কি মানুষকে বোকাই মনে করেন। সবাই বোকা! ওনার এই সমস্ত ষড়যন্ত্র কেউ বুঝবে না! আন্দোলন ও রাজনীতির যে পরাজয়, সেই পরাজয়ের গ্লানিটাকে ঢাকার জন্য (উনি) সিটি করপোরেশন ইলেকশনে তিন ঘণ্টা ভোট পড়ার পর উনি আরেক নাটক সাজালেন। আরেক নাটক সাজিয়ে আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে আওয়ামী লীগের সরকার উৎখাত করবেন।’
‘ওনাকে আমি স্পষ্ট বলতে চাই, এমন কোনো অপরাধ আমরা করি নাই যে আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করতে হবে। আমি একটা কথাই বলব, এই সমস্ত চালবাজি না করে, জালিয়াতি না করে, তাঁকে কেউ বিশ্বাস করবে না, সব জায়গায় কাইন্দা বেড়াইলে হলো না। মিথ্যা অপপ্রচার করলে কেউ বিশ্বাস করবে না। আর এমন কোনো দুর্বলতা আমাদের নাই যে, কে আইসা বলবে আর সেই চাপে মাথা নত করবে, অন্তত শেখ হাসিনা তা করে না, এটা জানা কথা।’
একই সাথে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করাই খালেদা জিয়ার একমাত্র কাজ। বিএনপি চেয়ারপারসন দেশের ভালো চান না বলেও মন্তব্য করেন, শেখ হাসিনা।
সংসদ নেত্রী আরো বলেন, ‘সন্ত্রাস এবং জঙ্গিবাদে যারা সম্পৃক্ত, নাশকতা যারা করে তারা তো দেশের কল্যাণ করতে পারে না। যিনি হুকুম দিয়ে মানুষ হত্যা করছেন, তাঁর যদি বিচার না হয় তাহলে দেশের জনগণের জানমালের নিরাপত্তা থাকবে না। তাঁর বিচার মানুষের দাবি আজকে। তাঁর বিচার হতে হবে। কাজেই উনি যে জালিয়াতির কথা বলে যাচ্ছেন এটা কখনো মানুষ নেবে না।’
এর আগে, গণভবন থেকেই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন লাইন এবং একটি উপকেন্দ্র উদ্বোধন করেন। বিদ্যুৎ উৎপাদনের সাথে সংশ্লিষ্টরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক