ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে : গোলাম পরওয়ার
লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবারও লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
আজ মঙ্গলবার (২ জুন) সকালে নগরীর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা বিভাগের জেলা ও মহানগরীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার সাড়ে তিন মাসেও দেশে স্থিতিশীলতা আনতে পারেনি। জ্বালানি নিয়ে চরম নৈরাজ্য চলছে। সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবার লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ভালো কাজে সহযোগিতা করবে এবং মন্দ কাজের প্রতিবাদ করবে।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার কারণে আজ জনগণের জানমাল ও নিরাপত্তা হুমকির মুখে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার এই অবনতির দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি দেশবাসীকে সচেতন থাকার এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার তাগিদ দেন।
জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, চব্বিশের ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও প্রত্যাশিত পরিবর্তন এখনও অধরা। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এটি বিতর্কমুক্ত না থাকা দুঃখজনক। ওই নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে প্রায় ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বাতিলের মাধ্যমে ফের ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্র প্রমাণ করে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গেছে। তাই তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে জলাঞ্জলি দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে। এর পরিণতি ভালো হবে না। এ দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কোনো স্বপ্ন পূরণ হবে না।
মিয়া গোলাম পরওয়ার এ সময় আগামী ২০ জুন ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে সব দায়িত্বশীলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইনের পরিচালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুস্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আবু সাদিক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, যশোর জেলা আমির মো. গোলাম রসুল এমপি, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মাগুরা জেলা আমির এম বি বাকের, কুষ্টিয়া জেলা আমির এ কে এম আলী মুহসিন, মেহেরপুর জেলা নায়েবে আমির মো. মাহবুবুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মো. আজিজুর রহমান, খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি মো. আসাদুজ্জামান, মেহেরপুর জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, ঝিনাইদহ জেলা সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি মো. মিজানুর রহমান মল্লিক প্রমুখ।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা