আত্মসমর্পণকারী বনদস্যুরা কারাগারে
আত্মসমর্পণকারী ১৪ বনদস্যুকে আজ শুক্রবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বাগেরহাটের একটি আদালত। ছবি : এনটিভি
দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশায় আত্মসমর্পণকারী ১৪ ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বাগেরহাটের একটি আদালত।
বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গৌতম মল্লিক আজ শুক্রবার দুপুরে দস্যুদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৮-এর সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন সুন্দরবনের বনদস্যু শান্ত ও আলম বাহিনীর ১৪ সদস্য। পরে র্যাবের ডিএডি আমজাদ হোসেন বাদী হয়ে তাদের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এরপর তাদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়।
আত্মসমর্পণকারী বনদস্যুরা বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। আত্মসমর্পণের সময় তারা ২০টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার আটটি গুলি জমা দেয়।

আবু হোসাইন সুমন, মোংলা