জামিন পেলেন অভিনেতা আলভীর মা
স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় প্ররোচণার মামলায় অভিনেতা জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
বৃহস্পতিবার আদালতে নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করেন। এসময় তার আইনজীবী কামরুন নাহার বনানী জামিনের আবেদন করেন। আবেদনে বলা হয়, গত ২৬ এপ্রিল তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট তাকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন আগাম জামিন দেন। হাইকোর্টের আদেশ অনুযায়ী তিনি আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিন প্রার্থনা করেন। তিনি বয়স্ক নারী হওয়ায় তাকে জামিন দিলে পলাতক হওয়ার আশঙ্কা নেই বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়। শুনানি শেষে বিচারক আগামী ২৪ জুন ধার্য তারিখ পর্যন্ত তার জামিনের আদেশ দেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএস এলাকার বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
অভিনেতা জাহের আলভী ও আফরা ইভনাথ ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

আদালত প্রতিবেদক