সাত বছরের শিশু ধর্ষণের শিকার, একজন গ্রেপ্তার
কুমিল্লার চান্দিনা উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মহিচাইল এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শিশুটির খালু চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি জানান, মহিচাইল ২০ শয্যা হাসপাতালের সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় ওই এলাকার মো. ফারুক (২৮) শিশুটিকে ফুসলিয়ে হাসপাতালের পেছনে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনে অন্য শিশুরাও ওই স্থানে ছুটে যায়।
শিশুটিকে মাটিতে পড়ে থাকতে দেখে অন্য শিশুরা চিৎকার দেয়। আশপাশের লোকজন ছুটে গিয়ে ফারুককে আটক করে গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে চান্দিনা থানা পুলিশ ফারুককে চান্দিনা থানায় নিয়ে যায়।
অসুস্থ শিশুটিকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আজ শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মনিরুজ্জামান এনটিভি অনলাইনকে জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মানিক জানান, এ ঘটনায় গতকাল রাতে চান্দিনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

কাজী রাশেদ, চান্দিনা