বিশিষ্ট নাগরিকরা আপিল করতে পারবেন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আদালত অবমাননায় অভিযুক্ত ব্যক্তিরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট।
বিশিষ্ট নাগরিকের দায়ের করা রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ অভিমত দেন।
রিট শুনানির পর্যবেক্ষণে বলা হয়, আসামিরা যদি আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হন, তাহলে তাঁরা সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন।
এর আগে ডেভিড বার্গম্যানের শাস্তির বিষয় নিয়ে মন্তব্য করলে বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে ১২ জন বিশিষ্ট নাগরিক ট্রাইব্যুনাল আইনের ১১(৪) ও ২১ নম্বর ধারা দুটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, ট্রাইব্যুনালের আইনে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হলে এর বিরুদ্ধে আপিল করার কোনো বিধান নেই, যা একজন দেশের নাগরিক হিসেবে তাঁর আইনি অধিকার পরিপন্থী।
রিটে দায়ের করা ১২ জন বিশিষ্ট নাগরিক হলেন—শিরিন পারভিন আক্তার, আফসান চৌধুরী, আলী আহমেদ জিয়াউদ্দিন, শহীদুল আলম, আনুশেহ আনাদিল, রফিকুর আবরার, ফরিদা আক্তার, লুবনা মরিয়ম, জিয়াউর রহমান, মাসুদ খান, রেহনুমা আহমেদ ও জাফরুল্লাহ চৌধুরী। তাঁদের পক্ষে রিট শুনানি করেন ব্যারিস্টার আকতার ইমাম ও ব্যারিস্টার রাসনা ইমাম।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও শুনানিতে অংশ নেন।
ব্যারিস্টার রাসনা ইমাম এনটিভি অনলাইনকে বলেন, ট্রাইব্যুনালের আইনে আদালত অবমাননার অভিযোগে কারো শাস্তি হলে তাঁর বিরুদ্ধে আপিল করার কোনো বিধান রাখা হয়নি। তাই বিশিষ্ট নাগরিকরা হাইকোর্টে ওই আইনের চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন। পরে শুনানি শেষে আদালত এ-সংক্রান্ত কিছু পর্যবেক্ষণ দিয়ে রিটটি নিষ্পত্তি করে দেন।
এদিকে, ট্রাইব্যুনালে বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধে দায়ের করা রুলের শুনানির জন্য আগামী ৬ মে দিন ধার্য রয়েছে।

জাকের হোসেন