আক্কেলপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
পারিবারিক কলহের জের ধরে জয়পুরহাটের আক্কেলপুরে জোসনা বেগম নামে এক গৃহবধূ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত জোসনা নওগাঁ জেলার বদলগাছি গ্রামের নাজমুল হকের স্ত্রী। তবে তিনি স্বামী ও দুই সন্তান নিয়ে আক্কেলপুরের হাস্তাবসন্তপুর গ্রামে বাবা আবদুল জব্বারের বাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন ছেড়ে হাসতাবসন্তপুর আউটার সিগন্যালের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে অপেক্ষারত জোসনা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এতে শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে রেলওয়ে পুলিশে মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট