চট্টগ্রামে আনসারুল্লাহর সদস্য সন্দেহে তিনজন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ফরহাদ আহমেদ রিপন, মো. ইমরান ও আহমদ হোসেন রনি। তাঁদের মধ্যে ফরহাদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন ব্ভিাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ইমরান ও রনি নগরীর দুটি টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার তিনজনের কাছ থেকে দুটি ল্যাপটপ, তিনটি মুঠোফোন ও ১৩টি বই উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা কর্মকর্তারা তিনজনের গ্রেপ্তার কথা জানান।
সংবাদ সম্মেলনে সিএমপির উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন জানান, আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখাটি দুর্বল হয়ে পড়ছে। গ্রেপ্তার তিনজন সেই শাখায় কাজ করছেন।
গ্রেপ্তার তিনজন আনসারুল্লাহকে সংগঠিত করতে কাজ করছিলেন বলে উল্লেখ করেন মারুফ হোসেন। তিনি আরো বলেন, চট্টগ্রামবাসী একাট্টা হওয়ায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পেরেছে।
পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম