খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৯ এপ্রিল পর্যন্ত মুলতবি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার শুনানি কার্যক্রম আগামী ২৯ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে বিচারপতি মো. মঈনুল ইসলাম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খোরশেদ আলম খান।
এ বিষয়ে রাগীব রউফ চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘দ্বিতীয় দিনের মতো আজকে শুনানি হয়েছে। আমরা এ মামলায় যেসব দুর্বলতা ছিল, সেসব বিষয় আদালতে উপস্থাপন করেছি। আদালত শুনানির এ পর্যায়ে আগামী বুধবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন।’
এর আগে গতকাল বুধবার দুদকের করা এ মামলায় প্রথম দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়।
কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালের ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ৯ জুলাই মামলাটির কার্যক্রম স্থগিত এবং রুল জারি করেন হাইকোর্ট।

জাকের হোসেন