বিএসএফের ‘তাড়া খেয়ে’ নদীতে ডুবে বাংলাদেশির মৃত্যু
সাতক্ষীরা সীমান্তের কালিন্দী নদীতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তাড়া খেয়ে ডুবে আবু মুসা মণ্ডল নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার রাতে নদী থেকে মুসার লাশ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহত আবু মুসা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মানপুর গ্রামের আবু সাঈদ মণ্ডলের ছেলে। তিনি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।
সাতক্ষীরা ৩৪ বিজিবি ব্যাটালিয়নের দুরমুজখালী তল্লাশিচৌকির (বিওপি) অধিনায়ক বারিক খান জানান, এক মাস আগে প্রতিবেশী কার্তিক মণ্ডলের মঙ্গে মুসা মণ্ডল ও তাঁর ভাই শফি মণ্ডল ভারতের কানাইকাটি এলাকায় ইটভাটায় কাজ করতে যান। ১০ আগস্ট সন্ধ্যায় তাঁরা সেখান থেকে ফিরছিলেন। সীমান্ত পারাপারে কোনো বৈধ কাগজ ও পাসপোর্ট না থাকায় তিনজন বিএসএফ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে আসছিলেন। এ সময় বিএসএফ স্পিডবোট নিয়ে তাঁদের তাড়া করে।
পরে দুই সঙ্গী শফি মণ্ডল ও কার্তিক মণ্ডল বাংলাদেশ সীমান্তের নৈকাটি গ্রামে ওঠেন। এর পর থেকে তাঁরা মুসাকে খুঁজছিলেন। গতকাল রাত ১০টার দিকে কালিন্দী নদীতে ভাসতে দেখে বিজিবির সহায়তায় মুসার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনামুল আরিফ সুমন জানান, আইনি প্রক্রিয়া শেষ করে মুসার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা