জাবির দুই শিক্ষার্থীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীর চিকিৎসা সহায়তায় ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানজিমুল হক অয়নের চিকিৎসা সহায়তায় ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও অয়নের পরিবারকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
গত বছর ২৮ ডিসেম্বর সন্ধ্যায় মিরপুরের কাজীপাড়ায় একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অয়ন, তাঁর মা ও বোন দগ্ধ হন। তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) মেধাবী ছাত্রী নুসরাত জেরিন জিনিয়ার চিকিৎসা চালিয়ে নিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির আইআইটি বিভাগ থেকে স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী নুসরাত জেরিন জিনিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত। স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত পিতৃহীন এই মেধাবী ছাত্রী বর্তমানে ভারতে চিকিৎসাধীন।
এর আগে এ বছরের ২৬ ফেব্রুয়ারি জিনিয়াকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের কাছে সহায়তা কামনা করেছিলেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জিনিয়ার চিকিৎসার জন্য এরই মধ্যে দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

জাবি সংবাদদাতা