মুদিদোকানে ১০ হাজার টাকা জরিমানা
জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন বিপণিবিতান, দ্রব্যসামগ্রী ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি মুদিদোকনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও কাপড়ের রং দিয়ে তৈরি দুই বস্তা চিপস ধংস করা হয়।
উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
এ সময় বিভিন্ন বিপণিবিতানে বাংলাদেশি পোশাক বিদেশি বলে বিক্রি হচ্ছে কি না, তা পরিদর্শন করা হয়। বিভিন্ন ফলের দোকানে অভিযান চালিয়ে ফলে মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন মিশানো হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে শহরের দত্ত ভ্যারাইটিজ স্টোরে নিষিদ্ধ ‘কেওড়া জল’ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য একটি দোকানে চিপস পরীক্ষা করে চিপসের ভেতরে কাপড়ের রং পাওয়ায় দোকানের দুই বস্তা চিপস জব্দ করে ধংস করা হয়।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ উপস্থিত ক্রেতাদের সতর্ক করে বলেন, ‘কেওড়া জল’ নিষিদ্ধ একটি পণ্য। এটি মৃতদেহের ময়নাতদন্তে এসিড হিসেবে ব্যবহার করা হয়। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
পুরো রমজান মাস এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

আসমাউল আসিফ, জামালপুর