চাঁপাইনবাবগঞ্জের দুজনের রায় যেকোনো দিন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আখতার হোসেনের বিরুদ্ধে রায় যেকোনো দিন দেওয়া হবে।
আজ বুধবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল-২-এ চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন বিচারপতি মজিবুর রহমান ও বিচারপতি শাহীনূর ইসলাম।
গত বছরের ১১ ডিসেম্বর এ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর পর তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে গত বছরের ২৪ নভেম্বর রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন আদালত। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর শাহীদুর রহমান এ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুস সোবহান তালুকদার।
এ দুজনের বিরুদ্ধে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়।

মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)