মাদ্রাসার সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে মাটির দেয়ালে নির্মিত ঐতিহ্যবাহী আলিশাপুর দাখিল মাদ্রাসার সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলামের বিরুদ্ধে। ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত ২ লাখ টাকার এই প্রকল্পে নামমাত্র কাজ দেখিয়ে সিংহভাগ অর্থ লুটের এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা কর্তৃপক্ষ।
সরেজমিনে আলিশাপুর দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায়, মাটির তৈরি জরাজীর্ণ ভবনটির বেশ কয়েকটি অংশের টিনের ছাউনি উড়ে গেছে, বিভিন্ন স্থানে দেয়াল ভেঙে পড়েছে এবং শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল নষ্ট হয়ে আছে। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই চলছে শিক্ষা কার্যক্রম।
মাদ্রাসার দপ্তরি ইউসুফ আলী বলেন, উপজেলা থেকে লোক এসে মাত্র একদিনের জন্য টিনশেডের সামান্য কিছু কাজ করে চলে যায়। পরে জানতে পারেন ২ লাখ টাকা বরাদ্দ হলেও বাস্তবে ২০ থেকে ৩০ হাজার টাকার বেশি কাজ হয়নি।
প্রকল্পে জালিয়াতির আশ্রয় নিয়ে আইন লঙ্ঘনেরও বড় প্রমাণ মিলেছে। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধির প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি হওয়ার কথা থাকলেও, সম্পূর্ণ ভিন্ন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ইশমোতারা বেগমকে সভাপতি করা হয়। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ইশমোতারা বেগম বলেন, আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে হাতিয়ার হিসেবে ব্যবহার করে উপ-প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম এই অনিয়ম করেছেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জাহিদ হাসান গত ২৭ এপ্রিল সরেজমিনে তদন্তে যান। তবে স্থানীয়দের অভিযোগ, তিনি নামমাত্র তদন্ত সম্পন্ন করেছেন এবং কাগজের সভাপতি ইশমোতারা বেগমের কোনো বক্তব্যও নেননি।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, টাকা আত্মসাতের বিষয়ে আমি জড়িত নই।
তদন্তকারী কর্মকর্তা জাহিদ হাসান বলেন, তিনি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এবং এখন জেলা প্রশাসক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী মুঠোফোনে বলেন, তদন্ত রিপোর্টটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে এবং শীঘ্রই এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)