ঘুমের মধ্যে সাপের দংশন, ভাইবোনের মৃত্যু
বসতঘরের বারান্দায় আছিয়া খাতুন (১২) ও আবদুস সালাম (৭) দুই ভাইবোন একসঙ্গে ঘুমাচ্ছিল। এ সময় বিষধর সাপের দংশনে তারা চিরনিদ্রায় শায়িত হলো। আজ মঙ্গলবার সকালে যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামে এ ঘটনা ঘটে।
আছিয়া ও আবদুস সালাম ওই গ্রামের রেজোয়ান খানের সন্তান। আছিয়া ভাণ্ডারখোলা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণি এবং আবদুস সালাম দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে বসতঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় আছিয়া ও আবদুস সালামকে বিষাক্ত সাপ দংশন করে। এ সময় আছিয়ার শরীরে যন্ত্রণা শুরু হলে স্থানীয় তিনজন ওঝাঁ ঝাড়-ফুক করে চলে যান।
শিশুদের চাচা আবদুর রউফ জানান, আজ সকালে আছিয়া ও আবদুস সালামের শরীরে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।
বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন সাপের দংশনে দুই ভাইবোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আশরাফ-উজ-জামান খান, কেশবপুর