মাদারীপুরে পুলিশের বিরুদ্ধে যুবককে আটকের অভিযোগ
মাদারীপুরের ডাসার থানাধীন গোপালপুর এলাকা থেকে খালেদ সাইফুল্লাহ জামিল নামে এক যুবককে পুলিশ আটক করেছে পরিবার অভিযোগ করেছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।
আটক খালেদ সাইফুল্লাহ জামিল মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের গণিত বিভাগের প্রধান বেলায়েত হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে জামিলের মামা রিটনের ডাসারের গোপালপুর এলাকার ভাড়া বাসা থেকে পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে যায়। এ সময় মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই ) বারেক করিম উপস্থিত ছিলেন বলে দাবি করেছে পরিবার।
জামিলের খালাতো ভাই আরিফ হোসেন বলেন, ‘আমার খালাতো ভাই খালেদ সাইফুল্লাহ জামিলকে পুলিশ পরিচয়ে সাত-আটজন লোক আটক করে নিয়ে যান। রাত ৩টার দিকে জামিলের গোলাবাড়ির বাসায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় আমার মামা স্কুলশিক্ষক রিটনকেও আটক করে, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে আমার খালাতো ভাই জামিলকে একটি পুলিশের গাড়িতে করে ফরিদপুরের দিকে নেওয়া হয়। এ সময় মাদারীপুর সদর থানার এসআই বারেক করিম উপস্থিত ছিলেন।’
এ ব্যাপারে জানতে এসআই বারেক করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ আটকের বিষয়টি অস্বীকার করেছেন। জেলার পুলিশ সুপার সরোয়ার হোসেন এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হত্যাচেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বারেক করিম। গত ১৫ জুন রিপনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার তিনদিন পর রিপনকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার গোলাম ফায়জুল্লাহ ফাহিম (২০) পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

এম. আর. মুর্তজা, মাদারীপুর