সালথায় ভোটের আগে দুই কর্মকর্তার অপসারণ দাবি
পঞ্চম ধাপে ফরিদপুরের সালথা উপজেলার আট ইউনিয়নে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই কর্মকর্তার অপসারণের দাবি জানিয়েছেন স্বতন্ত্র ও বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা।
আজ রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থীরা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার সোনাপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনিরুজ্জামান মোল্লা।
লিখিত বক্তব্যে উপজেলার আটটি ইউনিয়নের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুল হক এবং সালথা উপজেলার প্রকৌশলী কাজী সেকেন্দার আলীর অপসারণ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ও মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, রামকান্তপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দিকুর রহমান, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলীমুজ্জামান বাদশা, যদুনন্দী ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খায়ের মুন্সী, ভাওয়াল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বাচ্চু মাতুব্বর, এনায়েত হোসেন প্রমুখ।

সঞ্জিব দাস, ফরিদপুর