রাজাকার বলায় ইমামকে গণপিটুনি
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘রাজাকার’ বলায় মসজিদের এক ইমামকে পিটুনি দিয়েছেন মুসল্লিরা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী জোড়দিয়া শেখপাড়া বায়তুন নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আটক ইমামের নাম আজমির হোসেন। তিনি সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি। বাড়ি দক্ষিণ ফিংড়ী গ্রামে।
একাধিক মুসল্লি জানান, আজ জুমার নামাজে বয়ান করার সময় ইমাম আজমির প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং দুই মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে রাজাকার বলে আখ্যায়িত করেন এবং সরকার সম্পর্কে কটূক্তি করেন। এতে মসজিদের প্রায় সব মুসল্লি ক্ষিপ্ত হয়ে ওঠেন। নামাজ শেষে তাঁরা আজমির হোসেনকে পিটুনি দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আজমির হোসেনকে গ্রেপ্তার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, আজমির হোসেন ফিংড়ী ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তিনি অনেক দিন ধরে এলাকায় থাকেন না। আজ জুমার নামাজে বয়ানের সময় প্রয়াত রাষ্ট্রপতিসহ সরকারের কয়েকজন মন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলে এলাকাবাসী তাঁকে ধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। সেখান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা