আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবদুল আজিজকে আওয়ামী মনোনীত প্রার্থী হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
আজ রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দুর্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল আজিজ।
দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উমর ফারুক মঙ্গা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম সরকার ও সাধারণ সম্পাদক কাজল।
পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর ইউনিয়ন থেকে আবদুল আজিজ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু আওয়ামী লীগ বরখাস্তকৃত সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদকে মনোনয়ন দেয়।
আবদুল আজিজ লিখিত বক্তব্যে বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম সাঈদ গত ১৯ এপ্রিল রাত ১১টায় মোবাইল ফোনে আমাকে পুড়িয়ে মারার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
আবদুল আজিজ আরো বলেন, ‘সাইফুল ইসলাম সাঈদ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও টাকার বিনিময়ে মনোনয়ন নিয়েছেন এবং নিজেকে ক্ষমতাবান মনে করছেন। তিনি হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। এ অবস্থায় আমি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আবদুল আজিজ।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম