‘সরকার সাংবাদিকদের চোখে জনগণের ভোগান্তির চিত্র দেখে’
প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী বলেছেন, সরকার সাংবাদিকদের চোখে জনগণের ভোগান্তির চিত্র দেখে। সাংবাদিকদের বিভিন্ন প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকার সিদ্ধান্ত নিতে আগ্রহী হয়। তাই সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে যেকোনো তথ্য সরকারের কাছে পৌঁছাতে হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ সরকারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
আজ সোমবার সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা এসব কথা বলেন। রাজশাহী আঞ্চলিক তথ্য কার্যালয় এ মতবিনিময় সভার আয়োজন করে।
প্রধান তথ্য কর্মকর্তা বলেন, তথ্য চাপা রেখে দেওয়ার মতো সুযোগ এখন আর নেই। কেউ তথ্য চাপা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই সাংবাদিকদেরও উচিত সঠিক তথ্যটি দিয়েই প্রতিবেদন পরিবেশন করা।
এ সময় সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। রাজশাহীর সাংবাদিকদের উন্নয়নে বিভিন্ন দাবিও তুলে ধরেন স্থানীয় সাংবাদিক নেতারা।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক তথ্য কার্যালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা বিধান চন্দ্র কর্মকার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার, সাধারণ সম্পাদক রফিক আলম, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুনর রশীদ প্রমুখ।

শ. ম সাজু, রাজশাহী