কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার মনোহরগঞ্জের নাথের পেটুয়া এলাকায় আজ মঙ্গলবার যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী।
কুমিল্লা লালমাই পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, নাথের পটুয়া বাজারের সামনে আজ সকাল ৯টায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। এর মধ্যে দুজন নারী। দুর্ঘটনায় আহত দুজনকে স্থানীয় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা