ঘিওরে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বন্যা গ্রামে খালের ওপর নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে ছোট বন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রহিজ মোল্লা উচ্চবিদ্যালয় সংলগ্ন সেতুর পাশে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমজাদ হোসেন ও স্থানীয় বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফি উদ্দিন আহমেদ বলেন, ‘সংস্কার না করায় দীর্ঘদিন ধরে এই সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এর পর থেকে ঝুঁকি নিয়ে বিদ্যালয় দুটির শিশুশিক্ষার্থী ছাড়াও এলাকাবাসী ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে চলাচল করছে।’
স্থানীয় বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পীযূষ মোহাম্মদ বলেন, ‘গত ১৯ মার্চ আয়েশা সুলতানা নামের দ্বিতীয় শ্রেণীর এক শিশু ঝুঁকিপূর্ণ ওই সেতু দিয়ে বিদ্যালয়ে আসার সময় নিচে পড়ে যায়। আয়েশার ডান পা ভেঙে যায়। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে যাতায়াতের সময় আরো বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে।’
বিদ্যালয় দুটির শিক্ষার্থী ও এলাকাবাসীদের যাতায়াতের জন্য খালের ওপর নতুন একটি সেতু নির্মাণের দাবি জানায় শিক্ষার্থী ও বাসিন্দারা।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ