ডা. রেনিন সোয়ের ‘সহযোগী’ রিমান্ডে
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নেতা সন্দেহে গ্রেপ্তার ডা. রেনিন সোয়ের অন্যতম সহযোগী মং অং থানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যা ৭টায় রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সাবরিনা আলীর মং অং থানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল।
এর আগে গতকাল শনিবার রাতে শহরের বনরূপা এলাকার একটি রেস্টুরেন্ট থেকে মং অং থানকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ভিন্ন নামের দুটি জাতীয় পরিচয়পত্রসহ আরাকান আর্মির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) লিমন জানান, মং অং থানের মোবাইল মেমোরি কার্ডে আরাকান আর্মি পোশাক পরা বেশ কয়েকটি ছবি পাওয়া গেছে। এ ছাড়া ভিসা কার্ড, আরাকান আর্মি থেকে রেনিন সোয়েকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপির কপি, জেলে রেনিন সোয়ের কাছে টাকা লেনদেনের রসিদ পাওয়া গেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানান, ‘এ বিদেশি নাগরিককে আমরা দীর্ঘদিন ধরে নজরে রেখেছি। শনিবার রাতে পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে তাঁকে বনরূপার একটি রেস্টুরেন্ট থেকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন তথ্য বের হয়ে আসে। তাঁর বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা দায়ের করা হয়েছে।’

ফজলে এলাহী, রাঙামাটি