চার আসনে ভোট কারচুপির অভিযোগ, নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে রাখার নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো- ঢাকা-৬ ও ৭ এবং গাইবান্ধা-৪। অপরদিকে শেরপুরের একটি আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে এ সংক্রান্ত আদেশ দিয়েছেন।
একই সঙ্গে ওই আসনগুলোর নির্বাচনি সরঞ্জাম নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীকে আদালতের নোটিশ পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪ এবং শেরপুর-১ আসনে কারচুপির অভিযোগ এনে আসনগুলোর পরাজিত প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেন। আবেদনে ভোটের ফলাফল পুনর্গণনা চাওয়া হয়।
গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে দাখিল করা আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

নিজস্ব প্রতিবেদক