ঝিনাইদহে বিএনপির নেতার ওপর হামলা
ঝিনাইদহে আহত বিএনপি নেতা মোমিনুর রহমান। ছবি : এনটিভি
ঝিনাইদহের মহেশপুর ছাত্রদলের কমিটি গঠন করা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুর রহমানসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, মহেশপুর উপজেলা ছাত্রদলের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছে। এর জের ধরে আজ এ ঘটনা ঘটেছে।
ওসি জানান, ছাত্রদলের নতুন কমিটি নিয়ে স্থানীয় বিএনপি অফিসে আসার পর দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ওপর বিক্ষুব্ধরা হামলা চালায়। এ সময় গুরুতর আহত হন মোমিনসহ অন্তত পাঁচজন। ঘটনার পরে উপজেলা শহরের পুলিশকে সতর্ক রাখা হয়েছে।

মিজানুর রহমান, ঝিনাইদহ