বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
পটুয়াখালীর বাউফলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভাণ্ডারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জামাল মৃধা (২২), আমিনুল ইসলাম (৩৭), জুয়েল (৩৩), নয়ন (১৭), লিমা জাহান (২৫), শাহজালাল (২০), সুজন (২৬), শহিদুল ব্যাপারী (২৭), হাফেজ আনিসুর রহমান (৫৫), আমিনুল মাতব্বর (৩০), সোহাগ (৩০), সাইফুল (৪০), জিসান (২৫), সজিব (১৭), রোজিনা বেগম (৩০), দেলোয়ার গাজীসহ (৫৮) প্রমুখ।
এদের মধ্যে জামাল মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অন্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জামায়াতের দলীয় সূত্র জানায়, আজ সকালে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভাণ্ডারিয়া বাজার এলাকায় জামায়াতের নারী কর্মীরা প্রচারণা চালাতে গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের হেনস্থা করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করলে বিএনপিনেতা রুহুল ও তার ভাই সোহেলের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে জামায়াতের ২০-২৫ নেতাকর্মী আহত হন।
বিএনপিদলীয় সূত্র জানায়, জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কিনেন। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে জামায়াতের নারী কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়। পরে জামায়াতের নেতাকর্মীরা অতর্কিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের কয়েক নারী কর্মী ওই এলাকায় নির্বাচনি প্রচারের কাজে গেলে বিএনপির কয়েক সমর্থক টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে তাদের হেনস্থা করে। এ সময় খবর পেয়ে প্রচারের অদূরে থাকা জামায়াতের লোকজন সেখানে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটার আঘাতে উভয়পক্ষের অন্তত ২৫-৩০ জন আহত হয়।
ঘটনার পর বিকেলে পৌর সদরে জামায়াতের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। ওই মিছিল থেকে হাসপাতাল রোড এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেওয়া হয়। কয়েকজন ছাত্রদল নেতাকে মারধরও করে জামায়াতের লোকজন। এ ঘটনার কিছুক্ষণ পর বিএনপি মনোনীত প্রার্থী সহিদুল আলম নির্বাচনি প্রচারণায় বের হলে থানার সামনে তার গাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কাজল বরণ দাস, পটুয়াখালী