‘গুল খেয়ে আত্মহত্যা’, লাশ মিলল ক্ষেতে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক নারী পাটকল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের পারটেক্স জুটমিল সংলগ্ন একবটি মসুরির ক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত চায়না বেগম (২৩) ও তাঁর স্বামী সুমন শেখ ডোবরা গ্রামের পারটেক্স জুটমিলের শ্রমিক। তাঁদের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়ের হাট গ্রামে।
তিন মাস ধরে স্বামী-স্ত্রী পারটেক্স জুটমিলে শ্রমিকের কাজ করছিলেন। তাঁরা ওই এলাকার ছাত্তার শেখের বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার পর থেকেই সুমন পলাতক।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার সরকার জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে, চায়না গুল খেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
চায়না বেগমের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর