ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে বাড়িতে গিয়ে কুপিয়ে খুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাল শেখ (৪০) ওই গ্রামেরই বাসিন্দা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সোমবার বিকেলে স্থানীয় একটি খেলার মাঠে ক্রিকেট খেলা নিয়ে বিল্লাল মাতুব্বর ও কুদ্দুস মুন্সীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এরই জের ধরে আজ সকালে বিল্লালের সমর্থকরা জামাল শেখের বাড়ির মধ্যে ঢুকে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সুবল সিকদার নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সঞ্জিব দাস, ফরিদপুর