কুমিল্লায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
কুমিল্লায় মুরাদনগরের কৃষক আবদুল মোমিন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি একজনকে ছয় মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। এ মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪ নম্বর আমলি আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি এ রায় দেন।
এ মামলার যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন রফিকুল ইসলাম, কাউসার মিয়া ও জাকির হোসেন। এর মধ্যে কাউসার পলাতক রয়েছেন।
এ ছাড়া খলিল নামে একজনকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, লিপি আক্তার ও নূরজাহানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী মফিজুর রহমান মামলার বরাত দিয়ে সাংবাদিকদের জানান, ২০০২ সালের ৪ জুন মুরাদনগর উপজেলার কোদালকাটা গ্রামে ২ শতাংশ জমি নিয়ে এবং পাওনা টাকা আদায়ের জের ধরে আব্দুল মমিনকে হত্যা করে প্রতিবেশীরা।
ওই দিনই মমিনের বাবা কালু মিয়া বাদী হয়ে প্রতিবেশী কাউসার মিয়াকে প্রধান আসামি করে এবং রফিকুল ইসলাম, জাকির হোসেন, খলিল, লিপি আক্তার ও নূরজাহানের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা করেন।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা