রাজশাহীতে ট্রেনে কাটাপড়ে কিশোরীর মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন নতুন বুধপাড়া এলাকায় ট্রেনে কাটাপড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিলা খাতুন (১৭) পশ্চিম বুধপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে বিকেল সোয়া ৩টায় ছেড়ে যাওয়া নীলফামারীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি নতুন বুধপাড়া এলাকায় শাকিলা খাতুনকে ধাক্কা দেয়। এতে রেললাইনের ওপর পড়ে যায় শাকিলা। পরে শাকিলার ওপর দিয়ে ট্রেন চলে যায়। ট্রেনে কাটা পড়ার পরও শাকিলা বেঁচে ছিল। কিছুক্ষণ ওই অবস্থাতে পড়ে থাকার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাকিলার বাবা শহিদুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ। তার মৃগী ব্যারামও ছিল। এর আগেও সে আগুনে হাত দিয়ে হাত পুড়িয়ে ফেলে।’
রাজশাহীর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মুমিন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটিকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রাবি সংবাদদাতা