নরসিংদীতে দিন-দুপুরে গুলি করে ব্যবসায়ীর টাকা ছিনতাই
নরসিংদী শহরের স্বর্ণপট্টিতে আজ সোমবার দুপুর ১২টায় এক ব্যবসায়ীকে গুলি করে ৯২ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ভেলানগর মহল্লার ব্যবসায়ী এইচ.এম. এরশাদ আজ একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে একটি অটোরিকশায় করে ভেলানগরে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে শহরের স্বর্ণপট্টি এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী অস্ত্র দেখিয়ে তাঁর অটোরিকশাটির গতিরোধ করে তাঁর কাছে থাকা ৯২ হাজার টাকার বান্ডেলটি ছিনিয়ে নেয়। এ সময় তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা তাঁর পায়ে গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী