‘যে দেশে সাহিত্যচর্চা আছে, সে দেশে ভালোবাসা আছে’
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘যে দেশে সাহিত্য যত উন্নত, সে দেশ ও দেশের মানুষ তত উন্নত। যে দেশে সাহিত্যচর্চা আছে, সে দেশে ভালোবাসা আছে। কারণ, সাহিত্য মানুষকে ভালোবাসতে শেখায়।’ তিনি আরো বলেন, ‘সাহিত্যচর্চাকারীরা কখনো মানুষ হত্যা করতে পারে না।’
গতকাল রোববার মানিকগঞ্জে আয়োজিত তিন দিনব্যাপী ‘জাতীয় নজরুল সম্মেলন’-এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন জাহিদ মালেক। কবিপত্নী প্রমীলার জন্মস্থান মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদারবাড়ি প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, ‘নজরুল সাহিত্যচর্চার মাধ্যমে বাংলাদেশে অসাম্প্রদায়িক ও সম্প্রীতি বজায় আছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করছে।’ তিনি আরো বলেন, ‘সাহিত্যিক ও বিজ্ঞানীদের লক্ষ্য সত্যের সন্ধান করা। বিজ্ঞানীরা গবেষণা করে লক্ষ্যে পৌঁছান। আর সাহিত্যিকরা চিন্তার মাধ্যমে লক্ষ্যে পৌঁছান। এ কারণে গুণীজনদের আমাদের শ্রদ্ধার আসনে বসাতে হবে।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেন, ‘শিবালয়-তেওতা-জাফরগঞ্জ সড়কটিকে নজরুল-প্রমীলার নামকরণ, তেওতায় ডাকবাংলো ও নজরুল-প্রমীলা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংশ্লিষ্টদের নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।’
মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক গোলাম মহীউদ্দিন, আইনজীবী আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, লেখক ও গবেষক আজহারুল ইসলাম, কৃষিবিদ রফিকুল ইসলাম, নজরুল ইনস্টিটিউটের সচিব মো. আবদুর রহিম প্রমুখ।
আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ