জাতীয় ভোটার দিবস উদযাপিত হবে ২ মার্চ
আগামী ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য—‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া এক বার্তায় এ কথা বলা হয়েছে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য হলো—‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ইসির জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান সূচি থেকে জানা গেছে, জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আগামী ২ মার্চ বেলা ১১টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)