জাতীয় শহীদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত
বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সেনাসদস্যদের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে আজ ঢাকার বনানীর সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদতবরণকারী সেনাসদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া বিডিআর বিদ্রোহে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহীদ পরিবারের সদস্যরা।
শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যরা স্যালুট প্রদান করেন। পরবর্তীতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ ছাড়া দেশের সশস্ত্র বাহিনীর মসজিদগুলোতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক