চট্টগ্রামের পথে সাকা চৌধুরীর লাশ
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পর মরদেহ পৃথক অ্যাম্বুলেন্সে করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের করা হয়। ছবি : মোহাম্মদ ইব্রাহিম
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মরদেহ চট্টগ্রামের রাউজান উপজেলার নিজগ্রাম গহিরায় দাফন করা হবে। এরই মধ্যে মরদেহবাহী অ্যাম্বুলেন্সসহ গাড়ি বহর নিয়ে রাউজানের উদ্দেশে রওনা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শনিবার রাত ৫৫ মিনিটে বিএনপি নেতা সাকা চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।
গহিরা গ্রামের পারিবারিক কবরস্থানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। স্থানীয় লোকজনও এর আশপাশে জড়ো হয়েছে।

ফাঁসির প্রায় দুই ঘণ্টা পর রাত ২টা ৫২ মিনিটে লাশ নিয়ে বের হয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে নেতৃত্ব দিচ্ছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যার অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়। একই সময়ে বুদ্ধিজীবী হত্যার অপরাধে মুজাহিদেরও ফাঁসি কার্যকর করা হয়।

নিজস্ব প্রতিবেদক