চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। আজ বুধবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। কুয়াশা কমে যাওয়ায় ৯টার পর ফেরি চলাচল শুরু হয়।
কুয়াশার কারণে যাত্রীসহ যানবাহনবোঝাই সাতটি ফেরি মাঝনদীতে নোঙর করে। এ সময় ফেরি পারের অপেক্ষায় দুই পাড়ের ঘাট এলাকায় তিন শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়ে। এর মধ্যে পাটুরিয়া ঘাটেই একশ ট্রাকসহ দেড় শতাধিক যানবাহন আটকে ছিল।
তবে সকাল ৯টার পর ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে দুই পাড়ের যানজট কমতে থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দিন রাসেল জানান, মঙ্গলবার মধ্যরাতে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। ভোর ৫টার দিকে এ নৌরুট কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে পারাপার করতে গিয়ে যাত্রী ও যানবাহনবোঝাই সাতটি ফেরি কুয়াশায় দিক হারিয়ে মাঝনদীতে নোঙর করে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা জানান, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া যানবাহন আগে ফেরি পারের ব্যবস্থা করা হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ