মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমির
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডা. শফিকুর রহমান। পোস্টে তিনি লিখেন, ‘আজ হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাস ভাইকে দেখে এসেছি। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি।’
মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করে জামায়াতের আমির আরও লিখেন, ‘মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন মির্জা আব্বাস ভাইকে আশু পূর্ণ সুস্থতা দান করেন এবং দ্রুত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দেন। আমীন।’
এর আগে বুধবার (১২ মার্চ) গভীর রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীররাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর (মির্জা আব্বাস) সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক