চান্দিনায় জামায়াতের রুকনসহ ছয়জন আটক
কুমিল্লার চান্দিনায় নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের রুকনসহ ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল রোববার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন চান্দিনার থানগাঁও গ্রামের জামায়াতের রুকন মো. আবদুল কাদের (৫০), বদরপুর গ্রামের মো. মজিবুর রহমান (৪৮), মেহার গ্রামের মো. জহিরুল ইসলাম (৪০), বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের আবদুল কাদের (২৯), রানীপুর গ্রামের মো. বাচ্চু মিয়া (৪৮) এবং দেবীদ্বার উপজেলার ওনজুটি গ্রামের মো. শাহজালাল (৫৪)।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী জানান, গতকাল রাতে র্যাব, বিজিবি, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাসহ চান্দিনা উপজেলায় বিভিন্ন এলাকায় যৌথ অভিযানে জামায়াতের ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের চান্দিনা থানা থেকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

কাজী রাশেদ, চান্দিনা